ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও গ্যাস সংযোগের অভাবে পাঁচ হাজার ফ্ল্যাট গ্রাহকের কাছে হস্তান্তর করা যাচ্ছে না বলে দাবি করেছেন আবাসন ব্যবসায়ীরা।
আবাসন খাতের পরিস্থিতি নিয়ে শনিবার রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের অভাবে দেশের সম্ভবনাময় আবাসন শিল্প সংকটে পড়েছে। ফ্ল্যাট ও জমির মালিকসহ সংশ্লিষ্টরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মাসিক পত্রিকা মুক্ত আকাশ রাজধানীর বাংলা মটরে ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) মিলনায়তনে 'বিদ্যুত ও গ্যাস সংকটে আবাসন শিল্প: সম্ভাব্য করণীয়' শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
আবাসন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিহ্যাবের সাবেক সভাপতি প্রকৌশলী মো. আব্দুল আউয়াল মূল প্রবন্ধে বলেন, "বিদ্যুত ও গ্যাস সংযোগের অভাবে কমপক্ষে পাঁচ হাজার রেডি ফ্ল্যাট গ্রাহকের কাছে হস্তান্তর করা যাচ্ছে না।"
তিনি বলেন, "নতুন বিদ্যুত সংযোগ পেতে সরকার সোলার প্যানেল বসানোর শর্ত জুড়ে দিয়েছে। এতে ভবন মালিকদের বাড়তি খরচ হচ্ছে।"
অনেক মালিক বিদ্যুত সংযোগের জন্য ডিমান্ড নোটের অর্থ পরিশোধ করার পরও বিদ্যুত সংযোগ পাচ্ছে না বলে অভিযোগ করেন আব্দুল আউয়াল।
তিনি বলেন, "আবাসন শিল্পকে রক্ষা করতে শর্ত ছাড়া বিদ্যুত ও গ্যাস সংযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।"
বিদ্যুত প্রতিমন্ত্রী মো. এনামুল হক অনুষ্ঠানে বলেন, "সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে কাজ করে যাচ্ছে।"
২০১২ সালের মধ্যে চাহিদা অনুযায়ী বিদ্যুত সরবরাহ করার জন্য একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেন, "দেশ স্বাধীন হওয়ার পরে গ্যাসের পাইপ লাইন বসানো হয়। ওই পাইপ দিয়ে এখনকার চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তাই নতুন লাইন বসানোর কাজ চলছে।"
গ্যাস সংকট নিরসনে পুরানো গ্যাস কূপগুলোর সংষ্কার এবং নতুন কূপ খননের মাধ্যমে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রিহ্যাবের আরেক সাবেক সভাপতি তানভীরুল হক প্রবাল প্রস্তাব করেন, লোডশেডিং এর ক্ষেত্রে এলাকাভিত্তিক সময়সূচি নির্ধারণ করে দেওয়া উচিত। এতে এলকাবাসী মানসিকভাবে প্রস্তুত থাকবে।
অন্যদের মধ্যে আইনমন্ত্রী শফিক আহমেদ, বিদ্যুত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর, ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এমস আবুল কালাম, ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের সাধারণ সম্পাদক স্থপতি কাজী গোলাম নাসির, মুক্ত আকাশ পত্রিকার সম্পাদক মো. কামসুল আলম আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৭৪৪ ঘ.
bdnews24