২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক শিক্ষকদের 'জাতি গঠনের কারিগর' হিসেবে উল্লেখ করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক শিক্ষকদের 'জাতি গঠনের কারিগর' হিসেবে উল্লেখ করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল ও কলেজ মাঠে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আব্দুর রাজ্জাক বলেন, "শিক্ষকদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া প্রয়োজন। দক্ষিণ কোরিয়া শিক্ষকদের স্বীকৃতি দিয়ে নজীর স্থাপন করেছে। উন্নত দেশগুলো শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে সমৃদ্ধির দিকে এগিয়েছে।" দেশে শিক্ষার মানোন্নয়নে সরকারের নেওয়া ব্যবস্থার উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, "আমাদের দেশেও হার বেড়েছে। তবে এখনো অনেক পথ পারি দিতে হবে।" শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, এর সুফল অচিরেই পাওয়া যাবে। শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভাল ফলাফলই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন রাজ্জাক। তিনি আরো বলেন, এজন্য সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি নিয়মিতভাবে ক্রীড়া, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করারও আহ্বান জানান আব্দুর রাজ্জাক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, অধ্যক্ষা হোসনে আরা বেগম, পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান হওলাদার, নাইমুল আজম খান, ড. জাকিরুল ইসলাম, আতাউর রহমান, খন্দকার আফরোজা বেগম ও ড. দিলীপ। পরে বিদ্যালয়ের ছাত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের 'চন্ডালিকা'র ওপর একটি পরিবেশনা উপস্থাপন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬১৭ ঘ.