২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসে রেজিস্ট্রেশন ক্যাডার সৃষ্টির আশ্বাস

বিসিএসে রেজিস্ট্রেশন ক্যাডার সৃষ্টি ও রেজিস্ট্রেশন পরিদপ্তরকে অধিদপ্তরে পরিণত করার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএসে রেজিস্ট্রেশন ক্যাডার সৃষ্টি ও রেজিস্ট্রেশন পরিদপ্তরকে অধিদপ্তরে পরিণত করার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শনিবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় আইনমন্ত্রী এ আশ্বাস দেন। শফিক আহমেদ বলেন, "জনগণের সেবামূলক এ প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার আন্তরিক। এ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি মুহূর্তে সতর্ক হয়ে কাজ করতে হবে।" এ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আইনমন্ত্রী বলেন, "ভূমির মালিকদের যাতে মালিকানা সংক্রান্ত জটিলতায় ভুগে মামলা না করতে হয় এজন্য রেজিস্ট্রি কর্মকর্তারা ভূমিকা রাখতে পারে।" বেতন কাঠামো পুনর্গঠন, পদোন্নতির জটিলতাসহ কর্মকর্তাদের বিভিন্ন দাবির কথা উল্লেখ করে আইন মন্ত্রী বলেন, সব যৌক্তিক দাবিই সরকার বিবেচনা করবে। সভায় আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব সহিদুল করিম এবং অ্যাসোসিয়েশনের মহাপরিদর্শক মুন্সী নজরুল ইসলাম। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী গত সপ্তাহে বিএনপিপন্থী আইনজীবীদের প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে বিক্ষোভকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন। এ ঘটনায় প্রধান বিচারপতির তাদেরকে হুঁশিয়ার করার ঘটনাকে যথার্থ বলেও মনে করেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময়ে এ বিক্ষোভের মতো বিএনপি সরকারের সময়ও আদালত অঙ্গনে বিক্ষোভ হয়েছিলো। ২০০৬ সালের ৩০ নভেম্বর আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের বিক্ষোভের সময় প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে ভাংচুরের অভিযোগও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৪২৬ ঘ.