গাজীপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে দুটি পোশাক কারখানায় আগুন নেভাতে গিয়ে দমকল কর্মকর্তাসহ পাঁচ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর সদর উপজেলার মালেকের বাড়ি হাজির পুকুর এলাকার অ্যামেক্স অ্যাপারেলস কারখানার ১০ তলায় গুদামে আগুন লাগে। রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে কোনাবাড়ির হরিনাচালা এলাকায় মণ্ডল অ্যাপারেলস কারখানার তিন তলার গুদামে।
গাজীপুর দমকল কর্মকর্তা (সিনিয়র স্টেশন অফিসার) আবু জাফর আহমদ সাংবাদিকদের এ কথা জানান। আগুন নেভাতে গিয়ে তিনি আহত হন।
মণ্ডল অ্যাপারেলসের বৈদ্যুতিক মিস্ত্রি ইউসুফ আলী (২৪) এবং অ্যামেক্স অ্যাপারেলসের সহকারী উৎপাদন ব্যবস্থাপক গিয়াস উদ্দিন (৪০), জহিরুল ইসলাম (৩০) ও মো. আমিনুল ইসলাম (৩২) আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর, টঙ্গী ও ঢাকার কুর্মিটোলা দমকলবাহিনীর কর্মীরা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় দুটি কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্ডল অ্যাপারেলসের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার আরিফুজ্জামান সাংবাদিকদের বলেন, আগুনে বিপুল পরিমাণ কাপড় ও আমদানি করা হ্যাঙ্গার পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির মূল্যমান কোটি টাকা বলে তার দাবি।
অ্যামেক্স এপারেলস কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কারখানা দুটিতে আগুন লাগার কারণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১২৫ ঘ.
bdnews24