২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানায় আগুন, আহত ৩

গাজীপুর সদর উপজেলার হাজির পুকুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন ধরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 04:58 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

গাজীপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার হাজির পুকুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন ধরেছে। আগুন নেভাতে গিয়ে অ্যামেক্স এপারেলস লিমিটেড নামের ওই কারখানার কারখানার তিন কর্মকর্তা আহত হয়েছেন। গাজীপুর, টঙ্গী ও ঢাকার কুর্মিটোলা দমকল বাহিনী প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর দমকল স্টেশনের সিনিয়র অফিসার আবু জাফর আহমদ সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৭টার দিকে কারখানার ১০তলার গুদামে আগুন লাগে। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাসিরুল ইসলাম বলেন, ১০ তলার ওই গুদামে বিপুল পরিমাণ কাপড় ও হ্যাঙ্গার ছিল। সবই আগুনে পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হন-কারখানার সহকারী উৎপাদন ব্যবস্থাপক গিয়াস উদ্দিন (৪০), ইলেক্ট্রিক ইনচার্জ জহিরুল ইসলাম (৩০) ও মার্চেন্ডাইজার মো. আমিনুল ইসলাম (৩২)। তাদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.