ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণির নাবিকরা নিরাপদ ও সুস্থ আছেন বলে দাবি করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এই দাবি করে তিনি বলেন, "কূটনৈতিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি জাহাজের সব নাবিক সুস্থ আছেন।"
"সোমালিয়ার সাগরতীরে এটি নোঙ্গর করা আছে। নাবিকদের প্রয়োজনীয় খাবার-দাবার দেওয়া হচ্ছে।"
গত ৫ ডিসেম্বর ২৫ নাবিক ও এক নাবিকের স্ত্রীসহ এমভি জাহান মণি আরব সাগরের ভারতীয় উপকূল থেকে অপহরণ করে সোমালি জলদস্যূরা।
জাহাজটি ভারতের কোচিন বন্দর থেকে তিনশ' নটিক্যাল মাইল দূরে দস্যুদের কবলে পড়ে।
ছিনতাই হওয়া জাহাজ ও জিম্মি নাবিকদের ছাড়িয়ে আনতে দস্যুদের সঙ্গে দরকষাকষি চলছে।
বৃহস্পতিবার জিম্মি নাবিক সাহাবু আলমের স্ত্রী আফরোজা কালাম জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে ফোনে তার কথা হয়েছে। সাহাবু জানিয়েছেন তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন, পা ফুলে গেছে। জাহাজে কোনো ওষুধ ও চিকিৎসক নেই।
এর আগে রোববার জিম্মি নাবিকদের কয়েকজন আত্মীয় জাহাজ মালিকের সঙ্গে দেখা করেন।
ওইদিন জাহাজের ডেক ক্যাডেট অফিসার শাহরিয়ার রাব্বীর মা বিলকিস রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, জাহাজে খাবার ও গোসলের পানি শেষ হয়ে গেছে বলে তারা জেনেছেন। তার ছেলের শরীরে চর্মরোগ দেখা দিয়েছে।
নাবিকরা সুস্থ আছেন জানিয়ে পররাষ্ট্রসচিব আরো বলেন, "মুক্তিপণ নেওয়াই জলদস্যুদের একমাত্র লক্ষ্য। তাদের হাতে বিভিন্ন সময় অপহৃত জাহাজের কোনো নাবিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন নজির নেই।"
২০০৮ সালে জলদস্যূদের এই দলটির হাতে ছিনতাই হওয়া জাহাজ ছাড়িয়ে আনতে গড় সময় লেগেছে ৪৩ দিন। তবে ২০০৯ সালে এই সময় বেড়ে গিয়ে ৯০ দিনে দাঁড়ায়। আর গত বছর এই সময় ছিলো ১৪৩ দিন।
এছাড়া আফগানিস্তানে অপহৃত পাঁচ বাংলাদেশি নাগরিককে উদ্ধারে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান মিজারুল কায়েস।
গত ১৭ ডিসেম্বর রাত ৮টার দিকে বলখ্ প্রদেশের মাজার শরিফের কাছ থেকে সামহোয়ান কর্পোরেশনের অধীনে কর্মরত সাত বাংলাদেশিকে অপহরণ করে একদল দু
bdnews24