খাগড়াছড়ি, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের দূর্গম পোড়াবাড়ী এলাকায় আদিবাসীদের একটি বাড়িতে লুটপাট এবং এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছে আদিবাসী একটি নারী সংগঠন।
শুক্রবার জেলা পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (রামগড় সার্কেল) এ কে এম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাটি দূর্গম হওয়ায় নির্যাতিতরা থানায় আসতে দেরি করেছে।
তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে ধর্ষণের শিকার নারী হাসপাতালে ভর্তির পর ঘটনাটি জানাজানি হয়।
আদিবাসী ওই নারী ও তার স্বামী সাংবাদিকদের জানান, মুখোশ পরা ৮-৯ জনের একটি দল রাত আনুমানিক ১টার দিকে তাদের বাড়িতে হানা দেয়। তারা সবাইকে বেঁধে ফেলে লুটপাট চালায়।
তারা জানান, দুর্বৃত্তরা টাকা, স্বর্ণালঙ্কার, আসবাব ও ছয় মণ শুকনা হলুদ নিয়ে গেছে।
এই দম্পতি দাবি করেন, ধর্ষণের সময় দুর্বৃত্তদের দুজনের মুখোশ খুলে যায়। এরা দুজন হলেন- পাশের মুসলিম পাড়ার বাবুল মিয়া ও সুরুজ।
এদিকে, ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি শাখার সভাপতি রিকু চাকমা ও সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তারা লুটপাট ও ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.
bdnews24