ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর নির্বাচনে পারভেজ খান সভাপতি ও মোয়াজ্জেম হোসেন নান্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পারভেজ খান পেয়েছেন ৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাব্বির মাহমুদ পান ৪৮ ভোট। মোয়াজ্জেম হোসেন নান্নু পান ৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসারফ হোসেন ইসা পেয়েছেন ৬৩ ভোট।
শুক্রবার ক্র্যাব দপ্তর সম্পাদক আজিজুল হাকিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে ১৯০ জন ভোটারের মধ্যে ১৭৯ জন ভোট দেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাক হোসেন।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সহ-সভাপতি পদে আমিনুর রহমান তাজ ৯১ ভোট, যুগ্ম-সম্পাদক পদে উমর ফারুক আলহাদী ৬৭ এবং অর্থ সম্পাদক পদে মনজুরুল বারী নয়ন ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে জিলানী মিলটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নয়ন মুরাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আব্দুল লতিফ রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান (মাসুম মিজান) এবং দপ্তর সম্পাদক পদে মোঃ সহিদুল ইসলাম রানা নির্বাচিত হন।
এছাড়া মুহাঃ জাহাঙ্গীর আলম (১০৫ ভোট), আজহার মাহমুদ (৯৯ ভোট) ও রফিক মজুমদার (২৫ ভোট) কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২০৩৮ ঘ.
bdnews24