২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের জন্য হত্যার অভিযোগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌতুকের জন্য এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চাঁদপুর, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌতুকের জন্য এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃতস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ টরকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (২২) কুমিল্লার দাউদকান্দি উপজেলার নয়ানগর গ্রামের জামাল খানের মেয়ে। এ ঘটনায় জেসমিনের বড় ভাই ইব্রাহীম শুক্রবার মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, টরকী গ্রামের কাঠমিস্ত্রি আলম বেপারী তার স্ত্রী জেসমিনকে বৃহস্পতিবার সকালে ফোন করে বাপের বাড়ি থেকে চলে আসতে বলেন। স্বামীর ফোন পেয়ে ওই দিন বিকালে জেসমিন চলে আসেন। বাড়িতে আসার পর আলম তাকে ডাবের পানি খাওয়ায়। এরপর তার বমিবমি ভাব হয় ও নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেলে আলম সটকে পড়ে। পরে শাশুড়ি ও আশপাশের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান জেসমিন মারা গেছেন। এলাকাবাসী ঘটনাটি মতলব উত্তর থানা পুলিশকে অবহিত করে। মতলব উত্তর থানার ওসি মো. রোস্তম আলী শিকদার জানান, জেসমিনের মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ শুক্রবার বিকালে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জেসমিনের শাশুড়ি নূরজাহান বেগম (৬০) সাংবাদিকদের বলেন, তিনি মাটি আনতে বাড়ির বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন জেসমিন মাটিতে পড়ে আছে। তার অবস্থা খারাপ দেখে আশপাশের লোকজনকে খবর দেন তিনি। জেসমিন তাকে বলেছেন, 'আলম আমারে কি খাওয়াইলো'? জেসমিনের বড় ভাই ইব্রাহীম সাংবাদিকদের জানান, জেসমিনকে বিয়ের আগে তার ফুফাতো বোনকে বিয়ে করেছিলেন আলম। এটা তারা জানতেন না। স্বভাব চরিত্র খারাপ দেখে আগের স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। তিনি জানান, জেসমিনকে বিয়ে দেওয়ার সময় ৬০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছিলো। তিনদিন আগে আলম তাদের কাছে আবার ৫০ হাজার টাকা যৌতুক চান। তারা এই টাকা দিতে অপারগতা জানান। টাকা না দেওয়া জেসমিনকে হত্যা করা হয়েছে বলে ইব্রাহীম অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৫৮ ঘ.