২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগরে ফের সংঘর্ষ, ১৪৪ ধারা

হামলা ও ভাংচুরের ঘটনায় শিক্ষা মেলা ভণ্ডুল হওয়ার জেরে সাতক্ষীরার শ্যামনগরে ক্ষমতাসীন মহাজোটের শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (এরশাদ) নেতাকর্মীদের মধ্যে আবার সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

সাতক্ষীরা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হামলা ও ভাংচুরের ঘটনায় শিক্ষা মেলা ভণ্ডুল হওয়ার জেরে সাতক্ষীরার শ্যামনগরে ক্ষমতাসীন মহাজোটের শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (এরশাদ) নেতাকর্মীদের মধ্যে আবার সংঘর্ষের খবর পাওয়া গেছে। শুক্রবার বিকালের এই সংঘর্ষে আহত একজনকে পুলিশ আটক করেছে। পুলিশ বলেছে, সংঘর্ষে আর কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। সংঘর্ষের ঘটনায় বিকাল সাড়ে ৫টার দিকে শ্যামনগর সদরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন। বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে শ্যামনগর উপজেলা সদরে দুদিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন হয়। অনুষ্ঠানে জাতীয় পার্টির স্থানীয় সাংসদ এইচ এম গোলাম রেজাকে প্রধান অতিথি না করায় দলের সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা মেলায় হামলা ও ভাংচুর চালায়। এ নিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এতে শিক্ষকসহ অন্তত ২৫ জন আহত হয়। ভণ্ডুল হয়ে যায় মেলা। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলা করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। এসব মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার এবং সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আজম লেনিনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি করেছে আওয়ামী লীগ। এতে আসামি করা হয়েছে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হাসান মীর ও আব্দুল হাকিমসহ আরো কয়েকজনকে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, পুলিশ এসব মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে। তিনি আরো জানান, শুক্রবার বিকালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা মিছিল বের করলে আবার সংঘর্ষে ঘটনা ঘটে। তবে প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ইসলাম নামে জাতীয় পার্টির এক সমর্থককে আটক করা হয়েছে। অন্য মামলার আসামি না হলে তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলে ওসি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৮ ঘ.