২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহান মনির এক নাবিক অসুস্থ, বললেন তার স্ত্রী

ছিনতাই হওয়া জাহাজ এমভি জাহান মনিতে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি এক নাবিক অসুস্থ বলে জানিয়েছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই হওয়া জাহাজ এমভি জাহান মনিতে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি এক নাবিক অসুস্থ বলে জানিয়েছে তার পরিবার। জাহান মনি'র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সাহাবু আলম (৪০) উচ্চ রক্তচাপে ভুগছেন এবং তার পা ফুলে গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা কালাম। আফরোজা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ [বৃহস্পতিবার] সকাল ১১টায় জলদস্যুদের ফোন থেকে তার [সাহাবু] সঙ্গে ১০ মিনিট কথা হয়।" "টেলিফোনে আমার স্বামী জাহাজে কোনো ওষুধ বা ডাক্তার নেই উল্লেখ করে তাকেসহ অন্য নাবিকদের বাঁচানোর আকুতি জানিয়েছেন।" জলদস্যুদের ছিনতাই করা জাহাজে জিম্মি আরো কয়েকজন নাবিক অসুস্থ বলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সাহাবু টেলিফোনে জানিয়েছেন। দুই ছেলে ও এক কন্যার জনক সাহাবু ২৫ জন নাবিকের একজন। গত বছরের ৫ ডিসেম্বর সোমালি জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি ছিনতাই করে। প্রকৌশলি সাহাবু'র স্ত্রী আফরোজা আক্তার সন্তানদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে নগরীর চকবাজারের বাসায় দিন পার করছেন। এ প্রসঙ্গে জাহাজ মালিক প্রতিষ্ঠান ব্রেভরয়েল শিপিং ম্যানেজম্যান্ট লিমিটেডের কারও বক্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০৬ ঘ.