ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের (২৭) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে ডুমনির প্রস্তাবিত নর্থ সাউথ বিশ্ব বিদ্যালয়ের পাশে ওয়াহিদ মেম্বারের লাউক্ষেতে অজ্ঞাত ব্যক্তির লাশটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়।
কালো প্যান্ট এবং লাল শার্ট পরা অবস্থায় লাশটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানান একই থানার এসআই গোলাম ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯২৯ ঘ.
bdnews24