২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলু হত্যা: আ. লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দলের ওই ওয়ার্ড শাখার সভাপতি হাজি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দলের ওই ওয়ার্ড শাখার সভাপতি হাজি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ১৪ জানুয়ারি ফজলু নিহত হওয়ার আগে ৮ জানুয়ারি নূর মোহাম্মদ সন্ত্রাসীদের গুলিতে আহত হন। এরপর তিনি মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকেই বৃহস্পতিবার দুপুরে নূরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফজলু হত্যার পর থেকে নূর মোহাম্মদকে চোখে চোখে রাখা হচ্ছিলো।" একই মামলায় নূর মোহাম্মদের মেয়ের স্বামী জাহাঙ্গীর এবং একজন যুবলীগ নেতাসহ আট জনকে গ্রেপ্তার করা হয়। নূর মোহাম্মদসহ এই মামলায় এ পর্যন্ত নয় জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ জানায়, এর মধ্যে চার জনকে গ্রেপ্তার করে র‌্যাব, একজনকে ডিবি এবং শেরে বাংলা নগর থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নূর মোহাম্মদকে শুক্রবার আদালতে পাঠানো হবে। ফজলুল হক হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতেও (রিমান্ড) নেওয়া হতে পারে। সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়া নিয়েই ফজলুর ওপর হামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা বলছেন। ফজলু আগামী নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হতে চেয়েছিলেন। ফজলুর বাবা প্রয়াত সিরাজুল ইসলাম ৩০/৩২ বছর ধরে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ক্ষমতাসীন দলের নেতা ফজলু হত্যার পরপরই শেরেবাংলা নগর থানার ওসিসহ দুইজনকে বরখাস্ত এবং তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ দুইজনকে বদলি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/আরএ/১৯১৫ ঘ.