ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে বিভাগভিত্তিক পৌর নির্বাচনের পর পুনঃতফসিল হওয়া পাঁচ বিভাগের ১২ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
১২টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ১৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৫ জন। মোট ১৭৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
১২টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৮৭ জন এবং সংরক্ষিত আসনে ১৭৫ জন প্রার্থী।
প্রধান বিরোধী দল বিএনপির দাবির পরও পৌর নির্বাচনে সেনা মোতায়েন হয়নি। বিজিবি, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ দুই আসনের ভোট শুরু হলো। ভোটের আগে-পরে একদিনসহ তিন দিন তারা নিয়োজিত থাকবে।
গত ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি দেশের ২৪২ পৌরসভায় নির্বাচন হয়। এরমধ্যে শেষ দিনে নোয়াখালী অঞ্চলে ব্যালট ছিনতাই ও নির্বাচনী কর্মকর্তাদের মারধরের ঘটনায় একটি পৌরসভার নির্বাচন স্থগিতসহ পাঁচ পৌরসভার ২১ ভোটকেন্দ্র'র ভোট স্থগিত করে ইসি।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের গোলযোগের যেনো পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পুরো এলাকায় নিরপত্তার বিষয়টি সমন্বয় করবে বলে জানান তিনি।
পৌর এলাকায় পর্যাপ্ত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), র্যাব, আমর্ড পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবে। প্রতিটি ভোট কেন্দ্রকে ঘিরে ভ্রাম্যমাণ এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।
এছাড়া প্রতিটি পৌর এলাকায় একজন করে নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত রয়েছে। নির্বাচনী এলাকাগুলোয় নির্বাহী হাকিমের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা সর্বত্র টহলে থাকবেন।
যে সব পৌরসভায় ভোট হচ্ছে
দিনাজপুরের পার্বতীপুর, মাগুরা জেলার সদর, ভোলার চরফ্যাশন, নরসিংদী জেলার মাধবদী, শরীয়তপুরের জাজিরা, নেত্রকোনার মদন, মাদারীপুর সদর, ফেনীর দাগনভুঞা ও কক্সবাজার সদর, মহেশখালী, চকরিয়া ও টেকনাফ পৌরসভা।
যেসব পৌরসভায় বিজিবি, র্যাব ও কোস্টগার্ড
মাগুরা, মাধবদি ও চকরিয়ায় দুই প্লাটুন করে বিজিবি থাকবে। এক প্লাটুন করে থাকবে পার্বতীপুর, মদন, দাগনভুঞা, কক্সবাজার সদর ও টেকনাফে।
কক্সবাজার, মাগুরা, জাজিরা ও মাদারীপুরে দুই প্লাটুন করে র্যাব এবং এক প্লাটুন করে র্যাব থাকবে পার্বতীপুর, চরফ্যাশন, মাধবদী, মদন, দাগনভুঞা, চকরিয়া, মহেশখালী ও টেকনাফে।
কোস্টগার্ড এক প্লাটুন করে নিয়োজিত থাকবে ভোলার চরফ্যাশন ও মহেশখালীতে।
নির্বাচনী ও পোলিং এজেন্টদের জন্য বিশেষ ব্যান্ড
ইসি কর্মকর্তা জানান, পৌরসভা ও ওয়ার্ডের ভোটাররা শুধু সংশ্লিষ্ট এলাকার এজেন্ট হতে পারবে। বহিরাগত কারো নির্বাচনী ও পোলিং এজেন্ট হওয়ার সুযোগ নেই।
পৌর নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ও পোলিং এজেন্টদের জন্য বিশেষ আর্মড ব্যান্ড থাকছে। ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে এজেন্টদের দুই কপি ছবিসহ তালিকা জমা দিতে হবে।
সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কারণ ছাড়া ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টরা ভোটকেন্দ্র ত্যাগ করতে পারবে না।
ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী
পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)/সার্জেন্ট/এএসআই/হাবিলদারের নেতৃত্বে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন হচ্ছে। সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী পাঁচজন পুলিশসহ ১৯ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী ছয়জন পুলিশসহ ২০ জন নিয়োজিত থাকবে।
ইসি কর্মকর্তারা জানান, গুরুত্বপূর্ণ এলাকা ও ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কোনো ধরনের সহিংসতা ও অনিয়ম রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এছাড়া সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি নির্বাচন বিধি লঙ্ঘনের তাৎক্ষণিক বিচার ব্যবস্থার জন্য দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদেরও সব সময় সতর্ক থাকতে নিদের্শ দিয়েছে কমিশন।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে ইসি।
প্রচারণা, বহিরাগত ও যানবাহনে নিষেধাজ্ঞা
ইসি সচিবালয়ের বিশেষ পরিপত্রে জানানো হয়, ভোটের একদিন আগে থেকে পরবর্তী দুই দিন পর্যন্ত সব ধরনের প্রচার বন্ধ থাকবে।
২৬ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত বহিরাগতরা (যারা এলাকার বাসিন্দা বা ভোটার নন) নির্বাচনী এলাকায় থাকতে পারবে না।
২৫ জানুয়ারি মধ্যরাত থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মটর সাইকেল চলাচলও নিষিদ্ধ থাকবে। ২৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত তা বলবৎ থাকবে।
২৬ জানুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ২৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবি ট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, কার, পিকআপ, বাস, টেম্পু, লঞ্চ, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে।
ভোটের দিন নির্বাচনী এলাকায় অনুমোদিত ছাড়া বিভিন্ন ধরনের যান বাহন ও নৌ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
পৌরসভায় যত ভোটার
পার্বতীপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ২৫৬ জন। পুরুষ ভোটার ৮ হাজার ৫১৭ এবং নারী ভোটার ৮ হাজর ৭৩৯ জন।
মাগুরার ভোটার সংখ্যা ৫৭ হাজার ১৭ জন। পুরুষ ভোটার ২৭ হাজার ৭৮২ জন এবং নারী ভোটার ২৯ হাজার ২৩৫ জন।
চরফ্যাশনের মোট ভোটার ১৩ হাজার ৯৮৫ জন। পুরুষ ৭ হাজার ১৯৫ জন এবং নারী ভোটার ৬ হাজার ৭৯০ জন।
মাধবদীতে মোট ভোটার ২০ হাজার ৯৪৭ জন। পুরুষ ভোটার ১১ হাজার ২০৪ জন এবং নারী ভোটার ৯ হাজার ৭৪৩ জন।
জাজিরায় মোট ভোটার ১১ হাজার ৯১৭ জন। পুরুষ ৬ হাজার ৩ জন এবং ভোটার ৫ হাজার ৯১৪ জন। মদনে মোট ভোটার ৯ হাজার ৪৮২ জন। পুরুষ ৪ হাজার ৭৭১ জন এবং নারী ৪ হাজার ৭১১ জন।
মাদারীপুরে মোট ভোটার ৩৮ হাজার ২২ জন। পুরুষ ১৮ হাজার ৯৩১ জন এবং নারী ভোটার ১৯ হাজার ৩০৯ জন।
দাগনভূঞায় মোট ভোটার ১৬ হাজার ৯১৬ জন। পুরুষ ৮ হাজার ১০৯ জন এবং নারী ৮ হাজার ৮০৭ জন।
কক্সবাজারে মোট ভোটার ৬৭ হাজার ৫৭৭জন। পুরুষ ৩৬ হাজার ৩৪৩জন এবং নারী ৩১ হাজার ২৩৪জন। চকরিয়ায় মোট ভোটার ৩৪ হাজার ৮০৯জন। পুরুষ ১৭ হাজার ৭২৭ জন এবং নারী ১৭ হাজার ৮২জন।
মহেশখালীতে মোট ভোটার ১৪ হাজার ৯১৭ জন। পুরুষ ৭ হাজার ৭৪১ জন এবং নারী ভোটার ৭ হাজার ১৭৬ জন।
টেকনাফে মোট ভোটার ১১ হাজার ১১২ জন। পুরুষ ৫ হাজার ৮৪১জন এবং নারী ভোটার ৫ হাজার ২৭১জন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/০৮২৪ ঘ.
bdnews24