লন্ডন, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার রাতে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার জন বারকাউ এমপি গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড প্রদান করেছেন।
পাঁচ দিনের সরকারি সফরে বুধবার সকালে যুক্তরাজ্য পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হিথ্রো বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের ফরেন অফিসের সাউথ এশিয়া ডেস্কের ডিরেক্টর ডেভিড প্যাট্রিক ও বাংলাদেশের রাষ্ট্রদূত ড. সাইদুর রহমান খান। এছাড়া শেখ রেহানাসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে ব্রিটিশ সরকারের ক্রসপার্টি এমপি ও রাজনীতিবিদদের কাছ থেকে তিনি যে সহযোগিতা পেয়েছিলেন সেজন্য তিনি কৃতজ্ঞ।"
লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন সূত্র জানায়, বিমান বন্দর থেকে হোটেল হিল্টনে পৌঁছার কিছুক্ষণ পরই শেখ হাসিনা হাউস অব কমন্সে যান এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে বৈঠক করেন।
পরে ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ এমপি, লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড এমপি, জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ক্রিস হিউন, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান, পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী উইলিয়াম হেগ ও স্বরাষ্ট্র মন্ত্রী থেরেসা মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
এছাড়া শেখ হাসিনা অল পার্টি পার্লামেন্টারি গ্র"প অব বাংলাদেশ (এপিপিজিবি)'র প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন।
২৭ জানুয়ারি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে তার সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা।
২৮ জানুয়ারি যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে দলের সভানেত্রীর। ৩০ জানুয়ারি তিনি দেশে ফিরবেন।
মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তিন বাহিনীর প্রধান, ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএস/এমইউএস/পিডি/এইচএ/০০১০ঘ.
bdnews24