২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে 'অভিযোগ ওয়েবসাইট' খোলার প্রস্তাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদের সমস্যা সমাধানের জন্য 'অভিযোগ ওয়েবসাইট' খোলার প্রস্তাব দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদের সমস্যা সমাধানের জন্য 'অভিযোগ ওয়েবসাইট' খোলার প্রস্তাব দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। বুধবার ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার ২৭তম সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানের তিনি এ প্রস্তাব দেন। এম এম আকাশ বলেন, "ছাত্ররা তাদের সমস্যাগুলো এই ওয়েবসাইটে জানাবে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এগুলো দেখে সমস্যা সমাধানের চেষ্টা করবে। আর এ ব্যাপারে নিয়মিত আপডেট দিলে শিক্ষার্থীরা সেখান থেকে সর্বশেষ অবস্থা জানতে পারবে।" ওয়েবসাইট খোলার জন্য আগে সর্বদলীয় কমিটি গঠন করারও প্রস্তাব দেন তিনি। সমস্যাগুলোর সমাধান করা হলে ক্যাম্পাসে দখলদারিত্ব মোকাবেলা, সিট সমস্যা এবং অন্যান্য সমস্যা দূর করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেন অধ্যাপক আকাশ। যুদ্ধাপরাধীদের বিচার করতে সব ধরনের বাধা মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মধ্যপ্রাচ্যের রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেলেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য এই বিচার কাজ করতে হবে।" অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ বিরোধী তেভাগা আন্দোলনের নেতা কামাক্ষ্যা রায় প্রসাদ চৌধুরী। এই প্রবীণ নেতা কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তার প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ দেন। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন এবং বাহাত্তরের সংবিধানের মৌল চেতনায় ফিরে যাওয়ারও আহ্বান জানান কামাক্ষ্যা রায়। তিনি বলেন, "আমরা ধর্মান্তরিত হয়ে যেতে পারি। কিন্তু বাঙ্গালির পরিবর্তনে অন্য কিছু হয়ে যেতে পারি না। তাই এটা সর্বস্তরে বাস্তবায়নের দাবি রাখে।" সংগঠনের ঢাবি শাখার সভাপতি আবু তোয়ার অপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও ঢাবি সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মানবেন্দ্র দেব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৪১ ঘ.