ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মলম পার্টির কবলে পড়ে নিজের হারানো শিশু সন্তানকে অবশেষে ফিরে পেলেন তার বাবা-মা।
বুধবার সন্ধ্যার পর এই কন্যা শিশুটিকে এক মহিলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অপর এক মহিলার কাছে রেখে চম্পট দেয়। পরে শিশুটিকে শাহবাগ থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।
শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক শাহজাহান আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যার পরপরই অজ্ঞাতপরিচয় এক মহিলা তিন/চার মাস বয়সী এক কন্যা শিশুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আসেন।
কিছুক্ষণ পর রুমা নামে এক মহিলার কোলে শিশুটিকে দিয়ে টয়লেটে যাওয়ার কথা বলে ওই মহিলা দ্রুত সটকে পড়েন।
দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরও ওই মহিলা না আসায় রুমা বিষয়টি পার্শ্ববর্তী পুলিশ বক্সে জানালে পুলিশ শিশুটিকে তাদের হেফাজতে নেয়।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানান, রাত ৯টার দিকে প্রয়োজনীয় প্রমাণ পাওয়ার পর শিশুটিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
শিশুটির বাবা হাবিবুর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্ত্রী মিন্নাতুল আখতার শিমুল শিশুটিকে নিয়ে মিরপুরের বাসা থেকে বের হয়ে বিকাল তিনটার দিকে মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের কাছে আসেন। এখানে তিনি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি মাইক্রোবাস এসে দাঁড়ায় এবং যাত্রীর জন্য ডাকাডাকি করতে থাকে। শিমুল তার কন্যা সন্তানকে নিয়ে মাইক্রোবাসে উঠেন।
হাবিবুর রহমান বলেন, এরপরই তার স্ত্রী মলম পার্টির কবলে পড়েন। বিকাল পাঁচটার দিকে রমনা পার্কের সামনে থেকে এক মহিলা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন।
পরে রাতে তিনি শাহবাগ থানায় গিয়ে তার শিশু সন্তানকে ফিরে পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৫০ ঘ.
bdnews24