ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ডস বাংলাদেশে (বিজিবি) চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করায় রাজধানীর যাত্রাবাড়িতে এক সেনা সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় শনির আখড়া ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক আলী হোসেন আকন্দ বিডিনিউজ টোয়েনিটটফোর ডটকমকে জানান।
যাত্রাবাড়ি থানার ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা হলো- ওমর ফারুক এবং সেনাবাহিনীর সৈনিক রবিউল ইসলাম।
আবুল কাশেম জানান, কদমতলি এলাকায় ফুটপাতে পিঠা বিক্রেতা মাহফুজা বেগমের ছেলে মফিজুর রহমান (১৮) বিজিবিতে জওয়ান হিসেবে চাকরির জন্য পরীক্ষা দেন। এ অবস্থায় এক ব্যক্তি কৌশলে মফিজুর রহমানের মোবাইল নম্বর সংগ্রহ করে সেনা বাহিনীর লোক পরিচয়ে যোগাযোগ করে।
ওসি বলেন, "সে মফিজুরের কাছে দুই লাখ টাকা দাবি করে হুমকি দেয়- এই টাকা না দিলে তার চাকরি হবে না।"
ওই প্রতারক টাকার দাবিতে বার বার যোগাযোগ করতে থাকায় এক পর্যায়ে মফিজুর রহমান এবং তার মা তাদের কদমতলী বাসার পাশে সেনাবাহিনীর এক কর্পোরালের কাছে গিয়ে ঘটনাটি খুলে বলেন।
সেনাবাহিনীর ওই কর্পোরালের সঙ্গে পরামর্শ করে প্রতারককে বুধবার সন্ধ্যার পর টাকা নেওয়ার জন্য শনির আখড়া ব্রীজের ওপর আসতে বলেন মফিজুর। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওমর ফারুক ও রবিউল টাকা নিতে আসলে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মাহফুজা বেগম বাদি হয়ে যাত্রাবড়ি থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২২১১ ঘ.
bdnews24