ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের বিরোধী দলপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির আদালত বর্জনের কর্মসূচি দেওয়ার পর সরকার সমর্থক আইনজীবীরা পাল্টা কর্মসূচি দিয়েছে।
দৈনন্দিন কার্যতালিকায় হস্তক্ষেপ ও আইনজীবীদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের প্রতিবাদ ও বেঞ্চ পুনর্গঠনের দাবিতে বিরোধী দলের সমর্থক আইনজীবীরা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আদালত বর্জনের ঘোষণা দেয়।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত এক সভা থেকে এ কর্মসূচি দেওয়া হয়। একইসঙ্গে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির আদালত কক্ষের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন আইনজীবীদের এই অংশটি।
আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ এই সভায় উপস্থিত ছিলেন।
বিকালে সরকার সমর্থক আইনজীবীরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন এবং পরে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে সমিতির ব্যানারে সংবাদ সম্মেলন করেন।
এ সময় তারা বিরোধী দলপন্থীদের কর্মসূচি প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার আদালতে যাওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অন্য পক্ষের বর্জন কর্মসূচিকে 'অপ্রয়োজনীয় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' হিসেবে আখ্যায়িত করা হয়।
সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, "সমিতির ঐতিহ্য অনুযায়ী বেঞ্চ পুনর্গঠনের বিষয়ে কোনো অভিযোগ থাকলে সভাপতি প্রধান বিচারপতির সঙ্গে আলাপ করে তা নিষ্পত্তি করেন। কিন্তু বর্তমান সভাপতি বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলাপ না করে দেশবাসীর কাছে প্রধান বিচারপতি ও সর্বোচ্চ বিচারালয়কে বিতর্কিত করার প্রচেষ্টায় নেমেছেন।"
এ সময় তিনি উপস্থিত সদস্যদের মধ্যে কণ্ঠভোটে বিরোধী পক্ষের কর্মসূচি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত অনুমোদন করিয়ে নেন।
আমীর-উল-ইসলাম বলেন, "আগামীকাল (বৃহস্পতিবার) রাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষায় আমরা যথাসময়ে প্রধান বিচারপতির আদালতে যাবো।"
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ এ সময় সরকার সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএন/এইচএ/জেকে/২০৫৫ ঘ.
bdnews24