২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: বাবরের জামিন আবারো নামঞ্জুর

১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন আবারো নামঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন আবারো নামঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ শামসুল ইসলাম বুধবার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে তা নাকচ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিগত চারদলীয় জোট সরকার আমলে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র খালাস ও চোরাচালানের ঘটনার সময় বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এ মামলায় তাকে গ্রেপ্তারের পর তিনি মামলার তদন্ত কর্মকর্তাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেন।" সোমবার আসামিপক্ষের আইনজীবীরা আদালতে বাবরের জামিনের আবেদন করেন। গত বছরের ৩ অক্টোবর বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে দুই দফায় গত ৭ নভেম্বর পাঁচদিন এবং ১০ ডিসেম্বর পাঁচদিন করে ঢাকায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার আইনজীবীরা কয়েক দফায় জামিনের আবেদন জানালেও তা নামঞ্জুর করা হয়। সবশেষ গত ২০ ডিসেম্বর মহানগর হাকিম আদালতে বাবরের জামিন না মঞ্জুর হয়। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের সিইউএফএল'র সংরক্ষিত জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। ওইসময় কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দু'টি মামলা করেন। প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই'র কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি উঠে আসলেও ঊর্ধ্বতন মহলের চাপে তা বাদ দেওয়া হয়। এ ঘটনা তদন্তে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির তিন সদস্য তৎকালীন ডিআইজি (সিআইডি) ফররুখ আহম্মদ, তৎকালীন ডিআইজি (এসবি) শামসুল ইসলাম ও এনএসআই'র তৎকালীন পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী আদালতে সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া তৎকালীন সিএমপি কমিশনার সাব্বীর আলীও সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। এসব জবানবন্দিতে সে সময় তদন্ত কাজ প্রভাবিত করা এবং এনএসআই'র যুক্ত থাকার বিষয়টি চেপে যেতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সরকারি তদন্ত দলের প্রধান ওমর ফারুকের সরাসরি নির্দেশের বিষয়টি উঠে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/আরএ/পিডি/১৫০৩ ঘ.