২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ-বি. বাড়িয়ায় বিজিবি মোতায়েনে ইসির চিঠি

দুই আসনে উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন চায় নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই আসনে উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন চায় নির্বাচন কমিশন (ইসি)। হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিটি আসনে দুই কোম্পানি করে বিজিবি সদস্য মোতায়েনে বুধবার স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছে ইসি। ২৬-২৮ জানুয়ারি পর্যন্ত ওই সদস্যদের মোতায়েন রাখার অনুরোধ জানানো হয়েছে। হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ উপ-নির্বাচনের প্রচার মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে। এ সব নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার ভোটগ্রহণ হবে। আওয়ামী লীগের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে গত নভেম্বরে জাতীয় সংসদের হবিগঞ্জ-১ এবং লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে ব্রাক্ষণবাড়িয়া-৩ আসন দুটি শূন্য হয়। এ দুই আসনের উপ-নির্বাচনের তফসিল গত ২২ ডিসেম্বর ঘোষণা করে ইসি। চিঠিতে বলা হয়েছে, বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নির্দেশমতো দায়িত্ব পালন করবেন। তারা ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে হিসেবে থাকবেন। এগুলোর নেতৃত্ব থাকবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। হবিগঞ্জ-১ আসনে ৩ লাখ ১ হাজার ৪৪৭জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৮২৮ এবং নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৬১৯ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৭৫টি। উপ-নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, বিএনপির শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির (এ) মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলনা আব্দুল মালিক চৌধুরী ও খেলাফত মসলিসের শাইখ আব্দুল কাইয়ূম। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৩ লাখ ১০ হাজার ২৩৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৬০০ জন এবং নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৬৩৮ জন। মোট ভোট কেন্দ্র ১২৬টি। উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, বিএনপির মো. খালেদ হোসেন মাহবুব, জাতীয় পার্টির (এ) মো. রেজাউল ইসলা ভুইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. ইউনুস মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১২৫৪ ঘ.