নরসিংদী, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় একটি অবিস্ফোরিত বিমান বিধ্বংসী শেল উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল থেকে শেলটি উদ্ধার করা হয়।
নরসিংদীর পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) আক্কাস উদ্দিন ভূইয়া বলেন, সড়ক নির্মাণের কাজে মাটি খোঁড়ার সময় শ্রমিকরা প্রায় ১০ ফুট মাটির নিচে শেলটি দেখতে পায়।
পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে সদর থানা পুলিশ এটি উদ্ধার করে নিয়ে আসে।
এসপি নিজে, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক এবং সদর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়েছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা।
আমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন আগে এ গ্রামে বিমান হামলা হয়েছিল।
তার ধারণা, ওই সময় বিমান হামলাকালে নিক্ষেপ করা শেলটি বিধ্বস্ত না হয়ে মাটির নিচে ঢুকে গিয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৩ ঘ.
bdnews24