২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নুরুল আবছারের প্রার্থিতা বাতিল

কক্সবাজার পৌরসভা নির্বাচনের দুদিন আগে মেয়র পদে নূরুল আবছারের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

কক্সবাজার, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার পৌরসভা নির্বাচনের দুদিন আগে মেয়র পদে নূরুল আবছারের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মঙ্গলবার বিকালে কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল আলম নিজামী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করেন। একটি দুর্নীতি মামলায় সাজা পাওয়ার পর নিয়ম অনুযায়ী পাঁচ বছর পার না হওয়ায় নূরুল আবছারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিলো। দুই দফা আপিল করে তিনি মনোনয়ন পাননি। রিট আবেদনের পর হাইকোর্টে তার মনোয়ন বৈধ ঘোষণা করে রায় দিলে গত ২০ জানুয়ারি তাকে টেলিফোন প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনী কর্তৃপক্ষের আপিল আবেদনের পর সোমবার চেম্বার জজ চার সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করে। এরপর নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিলের জন্য রিটার্নিং কর্মকর্তাকে সুপারিশ করে। কক্সবাজার পৌরসভার রিটার্নিং কর্মকর্তা নূরুল আলম নিজামী সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর-১) আবদুল বাতেন স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় প্রার্থী তালিকা থেকে নূরুল আবছরের নাম বাদ দেওয়ার জন্য নির্দেশনা দেয়। প্রার্থিতা বাতিল হওয়ার পর নূরুল আবছার সাংবাদিকদের বলেন, "আমি আইনি প্রক্রিয়া শেষে আবার ফিরে আসছি। হয়তো তা আগামীকালই।" তিনি বলেন, এ ক্ষেত্রে হয়তো কক্সবাজার পৌরসভা নির্বাচন পিছিয়ে যেতে পারে। আর অনাকাঙ্খিত নির্বাচন পেছানোর জন্য তিনি দায়ী থাকবেন না। আগামী ২৭ জানুয়ারি কক্সবাজার পৌরসভাসহ জেলার চারটি পৌরসভায় ভোট নেওয়ার ঘোষণা রয়েছে নির্বাচন কমিশনের। অন্য পৌরসভাগুলো হলো- চকরিয়া, টেকনাফ ও মহেশখালী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪২ ঘ.