নাটোর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন।
মঙ্গলবার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম এবং বিএসটিআই কর্তৃপক্ষের পক্ষ থেকে দু'টি মামলা হয়েছে।
ইউএনও কার্যালয় থেকে জানা যায়, বিকালে ইউএনও'র নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত রামকৃষ্ণপুর গ্রামের 'ওয়ান স্টার' নামের একটি ইটভাটায় অভিযান চালায়। এ সময় ভাটার মালিক বিএসটিআই'র লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু করেন।
এ সময় ভাটার মালিক নান্টু হোসেন ইউএনওকে মারধর করতে উদ্যত হন। তার লোকজন আদালতের গাড়ি আটকে দেন এবং গালাগাল দেয়।
পরে লালপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ইউএনও জহুরুল ইসলাম বাদী হয়ে 'ওয়ান স্টার' ইটভাটার মালিক নান্টু হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রীয় কাজে বাধাদানের অভিযোগে মামলা করেছেন।
এছাড়া আদালতের সঙ্গে থাকা বিএসটিআই'র মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম বাদী হয়ে ভাটা মালিকের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।
ইউএনও জহুরুল ইসলাম বলেন, "ভাটার মালিক নান্টু হোসেন আমার পরিচয় জানার পরও বাজে আচরণ করেছে। আমাদের কিছু সময় আটকে রেখেছিল।"
ভাটার মালিক নান্টু হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, "ইউএনও সাহেব অন্য কোনো ভাটায় না গিয়ে উদ্দেশ্যমূলক আমার ভাটায় এসেছিলেন। আমি বা আমার কেউ তাকে লাঞ্ছিত করিনি।"
লালপুর থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.
bdnews24