২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচার-বহির্ভূত হত্যা থামেনি, র‌্যাবের পথে পুলিশ'

মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েও দু'বছরে সরকার পেছনের দিকে হাঁটছে। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনটাই মনে করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি সরকার। অন্যদিকে এ ক্ষেত্রে এখন র‌্যাবের পথে হাঁটছে পুলিশ। ২০১০ সালের বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলেছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ২০১০ সালে দেশে গুরুতর মানবাধিকার সমস্যা সমাধানে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষা হয়নি। বন্ধ হয়নি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, সেইসঙ্গে এসব ঘটনায় জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দণ্ড থেকে পার পেয়ে যাচ্ছেন। উদ্বেগ প্রকাশ করে এইচআরডব্লিউ'র প্রতিবেদনে বলা হয়, উদ্বেগজনকভাবে ক্রমশই র‌্যাবের বিচার-বহির্ভূত হত্যাপদ্ধতি গ্রহণ করছে পুলিশ। সাম্প্রতিক বছরগুলোয় পুলিশ কয়েকশ হত্যাকাণ্ড ঘটিয়েছে। গণমাধ্যম ও বিরোধী দলের প্রতি সরকারের বিধ্বংসী মনোভাব চরমে পৌঁছেছে বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়। এতে বলা হয়, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের লক্ষে পরিণত করে তাদের গ্রেপ্তার এবং পরবর্তীতে অভিযুক্ত করে পাঠানো হয়েছে কারাগারে। প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে নির্বাচনের পরপরই আওয়ামী লীগ সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে 'এক বিন্দুও ছাড় নয়'- এমন সংকল্প ব্যক্ত করেছিলো। তবে এরপরও তেমন কোনো পরিবর্তন আসেনি। উল্টো ২০১০ সালে স্বরাষ্ট্রমন্ত্রী [সাহারা খাতুন] বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভুল কিছু করছে না। প্রতিবেদনে আরো বলা হয়, ২০০৪ সালে র‌্যাব গঠন হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬২২ জনকে হত্যার কথা স্বীকার করে র‌্যাব বরাবরই দাবি করে আসছে যে তারা 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। তারা আত্মরক্ষার্থে গুলি চালান এমনটি মনে করেন খোদ স্বরাষ্টমন্ত্রীও। হিউম্যান রাইটস ওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, হেফাজতে থাকা অবস্থায়ই বেশিরভাগ হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। নিহতদের শরীরে আঘাত ও নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। ২০০৯ সালে এই মানবাধিকার সংস্থাটির চেয়ারম্যান এসব বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত নিরপেক্ষ কমিশনের মাধ্যমে করার দাবি জানালেও এ পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই সঙ্গে বলা হয়, এসব ঘটনার জন্য একজনও র‌্যাব সদস্যকে বিচারের মুখোমুখি হতে হয়নি। এতে আরো বলা হয়, ২০১০ সালে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য কোনো নিরাপত্তাকর্মীর দণ্ড হয়নি। জেলহাজতে বেশকিছু মৃত্যুর ঘটনা ঘটলেও তা তদন্তে সরকার ব্যর্থ হয়েছে। শুধু তাই নয় বিডিআর বিদ্রোহে সেনা ও বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য প্রকৃত দায়ীদের জবাবদিহি করা হয়েছে সামান্যই। প্রতিবেদনে ২০১০ সালে সুশীল সমাজ ও গণমাধ্যমের ওপর আঘাত, তৈরি পোশাক শ্রমিকদের বিরুদ্ধে দমননীতিসহ বিভিন্ন বিষয়ে সরকারের ব্যর্থতা বিষয়ে মত প্রকাশ করেছে এইচআরডব্লিউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/পিডি/২১৪৯ ঘ.