২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর: মরিয়ার্টি

বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

বাগেরহাট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। তিনি বলেন, এই অংশীদারিত্ব বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। মঙ্গলবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে মার্কিন সেনাবাহিনীর অর্থায়নের নির্মিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধনের সময় মরিয়ার্টি এ কথা বলেন। প্রাকৃতিক দুর্যোগের কথা স্মরণ করে মরিয়ার্টি বলেন, বাংলাদেশের জনগণকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে দুই দেশের জনগণ সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি ১৯৯১ ও ২০০৭ সালের ঘূর্ণিঝড়ের সময় পরিচালিত অপারেশন সি এঞ্জেলস ১ ও ২ এর প্রশংসা করেন। মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের দেওয়া দুই লাখ ৪০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বাংলাদেশি টাকায় মোরেলগঞ্জে এই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এতে এক হাজার দুশ' মানুষ আশ্রয় নিতে পারবে এবং স্বাভাবিক সময়ে ১২০ জন শিক্ষার্থীর জন্য ভবনটিকে শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা যাবে। এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইব্রাহিম হাওলাদারের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাগেরহাটের পুলিশ সুপারিনটেনডেন্ট খন্দকার রফিকুল ইসলাম ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমান বক্তব্য রাখেন। আশ্রয় কেন্দ্র উদ্বোধনের পর মার্কিন রাষ্ট্রদূত এ সি লাহা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং মোরেলগঞ্জের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রিকেট খেলার সরঞ্জাম হস্তান্তর করেন। স্কুলের কাছে পানগুছি নদীতে অবস্থানরত মার্কিন সরকারের দেওয়া কোস্টগার্ডের দুটি বিশেষ নৌযানও পরিদর্শন করেন তিনি। মোরেলগঞ্জ, কচুয়া ও সদর উপজেলায় মার্কিন অর্থায়নে নির্মিত এবং পরিচালিত কয়েকটি উদ্যোগ ও প্রকল্পের কর্মকাণ্ড পরিদর্শন করতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাগেরহাট আসেন মরিয়ার্টি। তার সঙ্গে ছিলেন- আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মার্কিন সংস্থার (ইউএসএআইডি) বাংলাদেশ মিশন প্রধান ডেনিস রোলিন্সসহ আরো কযেকজন কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.