২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মচারীদের পদোন্নতির দাবিতে সিসিসিতে সমাবেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পদোন্নতি ও শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে নগর ভবন চত্তরে সমাবেশ করেছে সিসিসি জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 05:24 PM

Updated : 25 Apr 2022, 10:53 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পদোন্নতি ও শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবিতে নগর ভবন চত্তরে সমাবেশ করেছে সিসিসি জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন। সোমবার বিকালে এ সমাবেশে সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। ইউনিয়নের সভাপতি কাজী আবু তৈয়ব, সহ- সভাপতি আব্দুস শুক্কুর ও দপ্তর সম্পাদক হায়াত দৌলত সমাবেশে বক্তব্য রাখেন। সিসিসির শতাধিক কর্মকর্তা- কর্মচারী এতে অংশ নেন। কাজী আবু তৈয়ব সমাবেশে অভিযোগ করেন, "তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পদোন্নতির ফাইলটি মেয়র মনজুর আলম অনুমোদন করেছেন। কিন্তু সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাইলে সই না করে তা আটকে রেখেছেন। এ কারণে পদোন্নতি আটকে আছে।" প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর-ই-ইলাহীকে 'দুর্নীতিবাজ' আখ্যায়িত করে কাজী আবু তৈয়ব বলেন, "তার কারণেই সিসিসির সাধারণ সভায় অনুমোদনের পরও কর্মকর্তা-কর্মচারীদের বিনোদন ভাতা আটকে আছে। তিনি আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নেওয়া বিভিন্ন প্রকল্পেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।" প্রধান নির্বাহীকে 'সাবধান' করে তিনি বলেন, "সব কাজে বাধা দিয়ে আপনি কীভাবে কাজ করেন তা আমরা দেখে নেব।" সিসিসির মোট সাড়ে তিন হাজার অস্থায়ী কর্মচারী রয়েছে জানিয়ে কাজী আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৭ জানুয়ারি অর্থ ও সংস্থাপন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে জানানো হয়, কর্পোরেশনে মোট এক হাজার দুইশ পদ শূন্য রয়েছে। এসব পদে লোক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়ারও সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। শ্রমিক ইউনিয়নের সভাপতি বলেন, "প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ হলে অস্থায়ী ভিত্তিতে যারা গড়ে ১২ থেকে ১৮ বছর ধরে কর্পোরেশনে কাজ করছেন- তাদের কী হবে? তারাতো কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পারবেন না।' নিয়োগের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত আগামী ২৬ জানুয়ারির মধ্যে বাতিল করে কর্মচারীদের পদোন্নতি দেওয়া না হলে সিসিসির কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন সভাপতি। সমাবেশে সিসিসির প্রধান ভূমি কর্মকর্তা আহমুদুল হককেও 'দুর্নীতিবাজ' আখ্যায়িত করা হয়। বক্তারা বলেন, ওই কর্মকর্তা স্টাফ কোয়ার্টার নির্মাণ না করে বহুতল মার্কেট ও ফ্ল্যাট নির্মাণে আগ্রহী। কারণ সেখান থেকে বাড়তি 'আয়' করা যায়। সমাবশে চলাকালে সিসিসি মেয়র মনজুর আলম নগর ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে অফিস করছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২৩১৩ ঘ.