২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে অস্ত্রসহ তিন 'ডাকাত' গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারটি পিস্তলসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা,জানুয়ারি ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারটি পিস্তলসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার ওসি কেএম আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দুইজনের নাম সুলতান। অন্যজনের নাম ইকবাল হোসেন হবু। ওসি আবুল কাশেম বলেন, "সোর্সের মাধ্যমে খবর পেয়ে যাত্রাবাড়ী নূপুর কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে ১টি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ প্রথমে সুলতানকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কাজলার মাতুয়াইল কবরস্থানের পাশে একটি বহুতল ভবনের নিচ থেকে সুলতান নামের আরেক জনকে গ্রেপ্তার করা হয়। "তাকে নিয়ে ওই ভবনেরই ৬ তরার ছাদ থেকে তিনটি পিস্তল, ৪১ রাউন্ড গুলি ও ৫টি ম্যাগজিনসহ গ্রেপ্তার করা হয় ইকবাল হোসেন হবুকে।" প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত দলের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/জেকে/১৮৫৩ ঘ.