২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের অপসারণ দাবি

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে খাগড়াছড়ির কয়েকটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

খাগড়াছড়ি, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে খাগড়াছড়ির কয়েকটি সংগঠন। একই দাবিতে সংগঠনগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে। সোমবার দুপুর ১টার দিকে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতি, জেলা হেডম্যান অ্যাসোসিয়েশন, জেলা কার্বারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ। এর আগে তারা পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির মহাজন পাড়ার কার্যালয় থেকে প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। ভূমি কমিশন চেয়ারম্যান খাদেমূল ইসলাম চৌাধুরীর অপসারণ ছাড়াও ভূমি কমিশন আইনের ২৩টি বিরোধাত্মক ধারা সংশোধন, বন বিভাগ ও সেনা ক্যাম্প সম্প্রসারণের মাধ্যমে হুকুম দখল প্রক্রিয়া বাতিল, ১৯৭৯-১৯৯৭ সাল পর্যন্ত পুনর্বাসন করা বাঙালিদের 'ভূয়া বিক্রি দলিল' ও 'কবুলিয়ত নামা' বাতিল। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, খাদেমূল ইসলাম পার্বত্য শান্তিচুক্তি বিরোধী কার্যক্রম চালাচ্ছেন। তিনি এককভাবে ভূমি বিরোধ নিষ্পত্তি কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন। তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী নয় সদস্য বিশিষ্ট ভূমি কমিশনে যে কোনো সিদ্ধান্ত সদস্যদের সম্মতি নিয়ে করার কথা, কিন্তু তিনি তা করছেন না। কমিশনের সদস্যরা হলেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পার্বত্য তিন সার্কেল চিফ (রাজা), পার্বত্য জেলা পরিষদের তিন চেয়ারম্যান ও ভূমি কমিশন চেয়ারম্যান। সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সভাপতি প্রভাকর চাকমা। বক্তব্য রাখেন- অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা। পরে তারা এ সব দাবিতে জেলা প্রশাসক (ডিসি) আনিস-উল-হক ভূইয়ার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮১২ ঘ.