সিরাগঞ্জ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুক না দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে সালমা খাতুন (২০) নামের এই অন্তঃস্বত্তা গৃহবধূর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ তার স্বামী রাশিদুল ইসলামকে (২২) আটক করেছে।
শাহজাদপুর সদরের দরগাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সালমা একই মহল্লার আব্দুস সালামের মেয়ে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ১২টার দিকে মহল্লার পুকুরে লাশ পেয়ে স্থানীয়রা বাড়িতে নিয়ে যায়।
দেড়টার দিকে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই জানান, দেড় বছর আগে একই মহল্লার আব্দুল মতিনের ছেলে রাশিদুলের সঙ্গে সালমার বিয়ে হয়।
অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সালমাকে তার স্বামী নির্যাতন করতো। এরই জের ধরে তাকে হত্যা করা হয়।
সালমার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার বাবা আব্দুস সালাম বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৭৪৮ ঘ.
bdnews24