চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালী জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিক মঈনুদ্দিনের স্ত্রী সারজিনা চৌধুরী রোববার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
সন্তানের জন্মের বিষয়টি এখনো জানেন না বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাহান মনির দ্বিতীয় প্রকৌশলি মঈনুদ্দিন। সন্তানসম্ভবা স্ত্রীর দুশ্চিন্তা নিয়েই জলদস্যুদের অস্ত্রের মুখে জিম্মি অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি।
রোববার দুপুর দেড়টায় চট্টগ্রামের আন্দরকিল্লায় জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদনে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন সারজিনা। কিন্তু এই আনন্দের দিনেও তাকে ঘিরে রয়েছে হতাশা, দুশ্চিন্তা। মঈনুদ্দিন কেমন আছেন, পরিবারের কেউ তা জানেন না।
মঈনুদ্দিনের শ্যালিকা আয়েশা সিদ্দিকা শমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবারে নতুন একজন আসলো। কিন্তু কারো মুখে হাসি নেই। আমরা সবাই খুব দুঃশ্চিন্তায় আছি।"
গত ৫ ডিসেম্বর এডেন সাগরের অদূরে ২৬ জন বাংলাদেশি নাগরিকসহ এমভি জাহান মনি ছিনতাই করে সোমালী জলদস্যুরা।
এদিকে জিম্মি নাবিকদের পরিবারের সদস্যরা রোববার দুপুরে জাহাজের মালিকপক্ষের সঙ্গে দেখা করে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, জিম্মিদের উদ্ধারে মালিকপক্ষ যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করছে না।
বেলা সাড়ে এগারটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর বারিক বিল্ডিং এলাকায় জাহান মনির মালিক প্রতিষ্ঠান ব্রেভরয়েল শিপিং ম্যানেজম্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাজাহানসহ ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ২৩ জন নাবিকের পরিবারের সদস্যরা। স
bdnews24