নাটোর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে কলেজ ছাত্র সানোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার করা ছয় আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশের তদন্ত কর্মকর্তার আবেদনের পর বিচার বিভাগীয় হাকিম রওশন আলম রোববার এই নির্দেশ দেন।
অন্যদিকে, লালপুরের বিএনপি নেতা আকবর আলী হত্যা মামলার এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনে হেফাজত মঞ্জুর করে আরেকটি আদালত।
কলেজ ছাত্র সানোয়ার হোসেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম রোববার দুপুরে গ্রেপ্তার করা ছয় আসামিকে পুলিশ হেফাজতে রেখে তিনদিন জিজ্ঞাসাবাদের আবেদন করেন।
দুপক্ষের বক্তব্য শোনার পর হাকিম রওশন আলম হেফাজতের আবেদন নামঞ্জুর করেন।
তিনি পুলিশকে নাটোর কারাফটকে ওই আসামিদের তিনদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
সোমবার থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
গত ১৬ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা বাগাতিপাড়া ডিগ্রি কলেজের দ্বাদশবর্ষের ছাত্র সানোয়ার হোসেনকে অপহরণ করে হত্যা করে এবং লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করে।
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পুলিশ পরদিন মামলার এজাহারভূক্ত আসামি সোহেল (২০), আরিফ (২২), দীপক (২৪), গৌতম (২৪), আকবর (৪৫) ও আলমগীরকে (২২) গ্রেপ্তার করে।
এদিকে, নাটোরের লালপুরে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী হত্যা মামলায় গ্রেপ্তার করা আসামি ইকতারুলের দুদিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পর রোববার দুপুরে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম তারিক মোর্শেদ সিদ্দিকি হেফাজত মঞ্জুর করেন।
গত ৮ জানুয়ারি দুর্বৃত্তরা লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলীকে গুলি করে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24