হবিগঞ্জ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপ-নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘন করায় তিন প্রার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছে।
কারণ দর্শানোর (শো কজ) নোটিশ পাওয়া ওই তিন প্রার্থী হলেন- আওয়ামী লীগের ডা. মুশফিক হোসেন চৌধুরী, জাপা সমর্থিত মো. আব্দুল মুনিম চৌধুরী ও খেলাফত মজলিস সমর্থিত শাইখ আব্দুল কাইয়ুম।
রিটার্নিং কর্মকর্তা মো. এমরান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্ধারিত সময়ের আগেই প্রচারণায় মাইক ব্যবহার করায় ওই তিন প্রার্থীকে সোমবারের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।"
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচারণায় মাইক ব্যবহারের সুযোগ রয়েছে।
তবে এই তিন প্রার্থী ২টার আগেই মাইকযোগে প্রচারণা চালিয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা এমরান।
সুরঞ্জিত-এরশাদের আচরণবিধি লঙ্ঘন
রিটার্নিং কর্মকর্তা এমরান জানান, জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত দলীয় প্রার্থীর পক্ষে রোববার রাত ৮টার পরে মাইকযোগে প্রচারণা চালিয়েছেন।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করেছে বলেও জানান তিনি।
আগামী ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপ-নির্বাচন হবে। ২৫ জানুয়ারি মধ্যরাতে শেষ হবে প্রার্থীদের প্রচারের সময়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এএল/পিডি/২১৫৯ ঘ.
bdnews24