২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী নেত্রীর বাড়ি দখলের চেষ্টা

সিলেট নগরীর শিবগঞ্জ আদিত্যপাড়ায় আদিবাসী নেত্রীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

সিলেট, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর শিবগঞ্জ আদিত্যপাড়ায় আদিবাসী নেত্রীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে। রোববার বিকালে বাংলাদেশ মণিপুরি মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবীর বাড়িতে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা এলাকা ত্যাগ করে। রীনার পরিবারের অভিযোগ, দখল চেষ্টা ও হামলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগ'র সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও তার ভাই আজিজুর রহমান মানিক জড়িত। অবশ্য আজাদ তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, ঘটনার পরপরই ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, একটি দোকানঘর ভাঙা। এলোমেলোভাবে বাঁশসহ কিছু নির্মাণসামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, ওয়ার্ড কাউন্সিলর আজাদের সঙ্গে ২০-২৫ জন ছাত্রলীগ কর্মী বাড়িটি দখল করার চেষ্টা চালায়। এস রীনা দেবী জানান, তার বড় ছেলে অয়ন সিংহের বিয়ে ছিলো রোববার। মঙ্গলবার বৌ-ভাত অনুষ্ঠান। রাতে বরযাত্রার কথা ছিলো। পরিবারের সবাই বরযাত্রার প্রস্তুতিতে ছিলেন। রাত সাড়ে সাতটায় বরযাত্রা বেরুনোর সময় ধার্য্য ছিলো। বিকেল পৌনে ৪টার দিকে হামলাকারীরা বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। শেষে বিয়ের আনুষ্ঠানিকতা গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। তাদের হামলায় আহতরা হলেন, রীনা দেবীর মেয়ে অজন্তা সিংহ (২৫), তাদের আত্মীয় নিলু সিংহ (২৪), রীনা দেবী (৬০), তার ছেলে অভিরূপ সিংহ (৩০), রীনা দেবীর স্বামীর বড় বোন রেনুকা দেবী (৭০)। তাদের মধ্যে আজন্তা সিংহকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। রীনার বড় ছেলে অয়ন সিংহ জানান, তাদের ৪৪ শতকের পৈত্রিক বাড়িটির দখল করতে ওয়ার্ড কাউন্সিলর আজাদের বড় ভাই আজিজুর রহমান মানিকের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে আসছে। এই নিয়ে আদালতে মামলাও চলছে। অয়ন জানান, ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মণিপুরি সমিতির পক্ষ থেকে লিখিত আবেদন পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই জায়গায় নতুন কোনো পক্ষকে দখলে না যেতে বলা হয়েছে। অভিযুক্ত কাউন্সিলর আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বিরুদ্ধে দখল চেষ্টার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার খবর শুনে স্থানীয় কাউন্সিলর হিসেবে র‌্যাব পুলিশ আসার পর আমি ঘটনাস্থলে যাই।" তিনি দাবি করেন, ১৯৮৯ সালে ওই জমি রীনা দেবী বিক্রি করে দেন। তার ভাই আজিজুর রহমান মানিক ক্রয় সূত্রে ওই জমির মালিক। সিলেট কোতয়ালি থানার (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জায়গাটি বিরোধপূর্ণ। তাই উভয় পক্ষের কাগজপত্র খতিয়ে দেখছে পুলিশ। হামলার ব্যাপারে ওসি বলেন, আদিবাসী পরিবারটির পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৭ ঘ.