ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আরো এক বিচারপতি প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কাছে সম্পদের হিসাব দিয়েছেন।
হাইকোর্ট বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান বিচারপতির কাছে তার সম্পদের হিসাব জমা দেন রোববার।
প্রধান বিচারপতির সচিব কবির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে ১৩ বিচারপতি তাদের সম্পদের হিসাব জমা দিলেন।
গত ৩০ ডিসেম্বর প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে তার সম্পদের হিসাব জমা দেন। এর পর ৩ জানুয়ারি প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় সব বিচারপতিকে সম্পদের হিসাব দিতে বলেন।
এর পর সম্পদের হিসাব জমা দেন আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা, হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার মূসা খালেদ, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক, বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান, বিচারপতি শহীদুল ইসলাম, এ কে এম ফজলুর রহমান, বিচারপতি শেখ আবদুল আওয়াল, বিচারপতি সৌমেন্দ্র সরকার, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ এফ এম আবদুর রহমান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৫৩ ঘ.
bdnews24