নড়াইল, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাশরাফি বিন মর্তুজাকে বিশ্বকাপ ক্রিকেট দলে অন্তর্ভুক্তির দাবিতে হরতাল-অনশনের পর রোববার গণমিছিল করেছে নড়াইলবাসী।
চোটের কারণে মাশরাফিকে দলে না রাখার কথা ক্রিকেট দলের নির্বাচকরা জানালেও নড়াইলবাসীর অভিযোগ, তাদের এলাকার ছেলে 'ষড়যন্ত্রের' স্বীকার।
দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে চৌরাস্তায় এসে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেলাল আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম নবী, শরীফ মুনির হোসেন, কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান।
মাশরাফি বিন মর্তুজাকে বিশ্বকাপের দলে না নেওয়ার প্রতিবাদে গত বৃহস্পতিবার নড়াইলে অর্ধদিবস হরতাল পালিত হয়।
গত ১৯ জানুয়ারি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে ছাড়াই বাংলাদেশের ১৫ জনের দল ঘোষণা করা হয়।
বিশেষজ্ঞ অস্ট্রেলীয় চিকিৎসক ডেভিড ইয়াংয়ের সঙ্গে দেখা করতে শনিবার রাতে শ্রীলঙ্কার পথে ঢাকা ছেড়েছেন মাশরাফি।
বিশ্বকাপের জন্য ঘোষিত দলে মাশরাফি না থাকলেও সুস্থ হলে তার ফেরার সম্ভাবনা আছে বলে নির্বাচকরা জানিয়ে রেখেছেন। তাই চোট কাটিয়ে ফেরার চেষ্টায় রয়েছেন বাংলাদেশের সেরা এ পেসার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৫০ ঘ.
bdnews24