বাগেরহাট, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
রোববার সকাল ১০টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আফরা গ্রামের অসীম কুমার ঘোষ (৩৫) এবং ফরিদপুরের শিবরামপুর এলাকার গনেশ (৩৮)।
আহত অপর মটর সাইকেল আরোহী শাহীন ব্যাপারীকে (৪২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়িও আফরা গ্রামে।
বাগেরহাট মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাগেরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ফলতিতায় বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অসীম ও গণেশ ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় বাসটি দ্রুত বেগে পালিয়ে যায়।
ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩৫১ ঘ.
bdnews24