২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৩১টি ঘর

চট্টগ্রামের দুই উপজেলায় আগুনে ৩১টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের দুই উপজেলায় আগুনে ৩১টি ঘর পুড়ে গেছে। শনিবার গভীর রাতে লোহাগড়া ও রাউজান উপজেলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে। দমকল বাহিনীর আগ্রাবাদ কন্ট্রোল রুমের অপারেটর ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ১২টার দিকে লোহাগড়া উপজেলার উত্তর পদুয়ার ইয়াসিন পাড়ায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৫টি কাঁচা ঘর ও তিনটি গরু পুড়ে মারা যায়। দমকল বাহিনীর সাতকানিয়া ইউনিটের একটি গাড়ি দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ইসমাইল। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। এছাড়া রাউজান উপজেলার নজিমপুর ইউনিয়নের কামিল চৌধুরীর বাড়ি এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনে ১৬টি আধাপাকা ঘর পুড়ে গেছে। দমকল বাহিনীর হাটহাজারী ইউনিটের একটি গাড়ি ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মোট ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ইসমাইল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/আরএ/১৩৩৮ ঘ.