ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিল পাসের প্রায় দেড় মাস এবং তাতে রাষ্ট্রপতির সই করার প্রায় একমাস পর আনুষ্ঠানিকভাবে নতুন নাম নিলো দেশের সীমান্ত রক্ষী বাহিনী। বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পরিবর্তে এখন থেকে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) নামে পরিচিত হবে এ বাহিনী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে পিলখানায় আনুষ্ঠানিকভাবে বিজিবির পতাকা উত্তোলন করেন। আর তার মধ্য দিয়ে 'বিডিআর' নামের সমাপ্তি ঘটলো।
দুই বছর আগে রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে বাহিনীর নাম, পোশাকসহ বেশ কিছু পরিবর্তন আসে। নতুন আইনে সীমান্ত রক্ষী বাহিনীর কেউ বিদ্রোহ করলে সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড, আগের বিডিআর আইনে সর্বোচ্চ সাজা ছিলো ৭ বছর কারাবাস।
গত ৮ ডিসেম্বর 'বর্ডার গার্ডস বাংলাদেশ বিল-২০১০' জাতীয় সংসদে পাস হয়। ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাতে সই করেন। রাষ্ট্রপতির সই করার পরই সীমান্ত রক্ষী বাহিনীকে বিজিবি লিখে আসছিলো বিভিন্ন সংবাদপত্র।
সে বিষয়ে গত ১ জানুয়ারি এক অনুষ্ঠানে মেজর জেনারেল রফিকুল বলেন, যে দিন আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন হবে, সেদিন থেকেই তিনি বিজিবির মহাপরিচালক হিসাবে নিজের পরিচয় দেবেন।
পিলখানায় প্রধানমন্ত্রীর বিজিবির পতাকা উত্তোলন অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
বিজিবির উপ-মহাপরিচালক (ডিডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিডিআরের পতাকার নকশা কিছুটা পরিবর্তন করে বিজিবির পতাকা করা হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে বাহিনীর তখনকার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন, যারা বিডিআরে কর্মরত ছিলেন।
পিলখানার বিদ্রোহে সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে গোলাগুলি করে অনেক জওয়ান। বিদ্রোহের মামলায় বিডিআর আদালতে বিচার চলছে। অনেকগুলো মামলায় রায়ও হয়েছে।
অন্যদিকে পিলখানায় হত্যা-লুণ্ঠনের বিচার প্রচলিত আদালতে এ মাসেই শুরু হয়েছে। আসামির সংখ্যা বিশাল হওয়ায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে আলীয়া মাদ্রাসা সংলগ্ন একটি মাঠে আদালত বসিয়ে এর বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১০২০ ঘ.
bdnews24