২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় শতাধিক যৌতুকবিহীন বিয়ে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে বরাবরের মতো শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

গাজীপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে বরাবরের মতো শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। প্রতি বছর এক পর্বে হলেও এবারই প্রথম দুই পর্বে ইজতেমা হচ্ছে। শনিবার টঙ্গীর তুরাগ পাড়ে ইজতেমা ময়দান ছিলো কানায় কানায় পূর্ণ। প্রথম পর্বের দ্বিতীয় দিনেও টঙ্গী অভিমুখে মুসল্লিদের ঢল দেখা যায়। মূল প্যান্ডেলে স্থান না পেয়ে অনেকে নিজ উদ্যোগেই প্যান্ডেলের বাইরে পলিথিন সিট ও কাপড়ের সামিয়ানা টানিয়ে তাতে অবস্থান নিয়েছেন। বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকেই রোববার সকাল ১১টা-১টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। এর আগে হবে হেদায়তি বয়ান। হেদায়তি বয়ান করবেন ভারতের মাওলানা সা'দ এবং মোনাজাত পরিচালনা করবেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বী মাওলানা জোবায়েরুল হাসান। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আখেরি মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে বলে গাজীপুরের পুলিশ সুপার এসএম মাহফুজুল হক নুরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আখেরি মোনাজাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি চূড়ান্ত। যৌতুকবিহীন বিয়ে শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আছর বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর। কনের সম্মতিতে বর ও উভয় পক্ষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিয়ে। শনিবার সকাল থেকেই অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করেন। আসর পর্যন্ত ১০৭টি বিয়ের তালিকা হয় বলে ইজতেমার জিম্মাদার আব্দুল কুদ্দুস সাংবাদিকদের জানিয়েছেন। বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয় এবং মঞ্চের আশে-পাশের মুসল্লীদের মধ্যে খেজুর ছুড়ে দেওয়া হয়। বিয়েতে মোহরানা ধার্য করা হয় 'মোহর ফাতেমী'র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ তোলা রুপা, যার বর্তমান মূল্যমান ১ লাখ ৫ হাজার টাকা। যারা বয়ান করলেন নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার বাদ ফজর থেকে বয়ান শুরু হয় এবং তা চলে সকাল ১০টা পর্যন্ত। বয়ান করেন- পাকিস্তানের মাওলানা ওহাব উদ্দিন। বাদ জোহর বয়ান করেন- পাকিস্তানের আহমেদ বাটলা। বাদ আসর বয়ান করেন- ভারতের মাওলানা জোবায়েরুল হাসান। বাদ মাগরিব বয়ান করেন- ভারতের আহম্মেদ লাট। সব বয়ানই বাংলায় তরজমা করা হয়। পকেটমার আটক ইজতেমাস্থল ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৩০ জন পকেটমার ও চোর আটক করেছে বলে জানিয়েছেন টঙ্গী থানার ওসি গাজী রুহুল ইমাম। অসুস্থতা টঙ্গী হাসপাতালে বিকাল পর্যন্ত মোট ২২০ জন মুসল্লী চিকিৎসা নিয়েছেন। অ্যাজমা ও পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মাহবুবুর রহমান জানিয়েছেন। এদের মধ্যে ২৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভ্রাম্যমাণ আদালত শুক্রবার রাত ও শনিবার দুপুর পর্যন্ত ইজতেমাস্থল এবং আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। শুক্রবার রাতে আমবাগ বস্তি এলাকায় মাদক বিক্রেতা নূরুল ইসলামকে (৪০) দুই বছরের এবং মমতাজ বেগমকে ( ৪৫) ছয় মাস কারাদণ্ড দেয়। ধর্মীয় সমাবেশে গোলযোগ সৃষ্টির জন্য বিপ্লব মারান্ডিকে (২৭) এক বছর এবং ছদ্মবেশে গোলযোগ সৃষ্টির চেষ্টার জন্য তিন জনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বৃহস্পতি ও শুক্রবার ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের জন্য অভিযোগে বিভিন্ন দোকানিকে ১ লাখ ২৬ হাজার ৫০ টাকা জরিমানা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.