চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও মেয়ে।
শনিবার সকাল সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের সর্জন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর করে।
নিহত নজরুল ইসলাম (৩৫) সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মুনসেফপুর গ্রামের মেঘু মন্ডলের ছেলে।
নজরুলের স্ত্রী সাবিনা ইয়াসমিন (২৬) ও মেয়ে নুশরাতকে (৩) চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটরসাইকেলে নাচোল থেকে নজরুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মুনসেফপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। সর্জন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নজরুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। আহত হয় তার স্ত্রী ও মেয়ে।
বাস চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২৫ ঘ.
bdnews24