২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ঋণে হবে ভৈরব ও তিস্তা রেল সেতু

ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় দ্বিতীয় ভৈরব ও তৃতীয় তিস্তা রেলওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেছেন, পদ্মা সেতু চালু হওয়ার প্রথম দিনেই রেল চলাচল করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় দ্বিতীয় ভৈরব ও তৃতীয় তিস্তা রেলওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেছেন, পদ্মা সেতু চালু হওয়ার প্রথম দিনেই রেল চলাচল করবে। শনিবার ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত এক জোড়া কমিউটার ট্রেন সার্ভিস চালু উপলক্ষে কমলাপুর রেল স্টেশনে এক অনুষ্ঠানে মন্ত্রী রেলওয়ের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, "পদ্মা সেতুতেও থাকবে রেল পরিবহনের সব সুবিধা। এ সেতু চালু হওয়ার প্রথমদিন থেকে রেল চলাচল শুরু হবে। এ জন্য সেতুর দুই প্রান্তে রেল-লাইন স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।" রেলকে জনগণের জন্য আরামদায়ক, নিরাপদ এবং ভ্রমণবান্ধব পরিবহনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আবুল হোসেন। তিনি বলেন, ইতোমধ্যে রেলওয়ের উন্নয়নে গ্রহণ করা হয়েছে ২৫টি প্রকল্প। লোকোমোটিভ, ব্রডগেজ ও মিটারগেজ যাত্রীবাহী কোচসহ অন্যান্য সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়ন এবং ভারতীয় ঋণের অধীনে ৩০ জোড়া ডিজেল ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) সংগ্রহ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ কোচগুলো কমিউটার সার্ভিস হিসেবে ঢাকা-জয়দেবপুর, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করবে। এতে মহানগরীর যানজট কমে আসবে। রেলওয়ের উদ্যোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত এক জোড়া কমিউটার রেল চালু হওয়ায় এখন এ রুটে ১২ জোড়া ট্রেন চলবে। আবুল হোসেন কমলাপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে পুনর্বাসিত রেললাইনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ফলে ট্রেনের গতি এখন ঘণ্টায় ৫০ কিলোমিটারে উন্নীত হবে। নিজস্ব অর্থায়নে প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা ব্যয়ে সরকার এ সেকশনের পুনর্বাসন কাজ করেছে। অনুষ্ঠানে সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী তৌহিদুল আনোয়ার চৌধুরী এবং রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫২২ ঘ.