ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরণাপন্ন রোগীদের কষ্ট লাঘবে দেশে প্রশমনসেবার (প্যালিয়েটিভ কেয়ার) পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ' প্যালিয়েটিভ কেয়ার ও পাবলিক হেলথ' বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "দুরারোগ্য ব্যাধিতে ভোগা মরণাপন্ন রোগীদের যন্ত্রণা প্রশমনে প্রতিটি মেডিকেল কলেজ ও জেলা পর্যায়ের হাসপাতালে এ ধরনের সেবাকেন্দ্র স্থাপন করা উচিত বলে আমি মনে করি।"
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ ও ভারতের ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ মেডিসিন যৌথভাবে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।
বিভিন্ন দেশের ৩০০ চিকিৎসক ও বিশেষজ্ঞ এতে অংশ নিচ্ছেন।
নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্যথা ও কষ্ট লাঘব করতে চিকিৎসকরা প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবা দিয়ে থাকেন। বিভিন্ন ওষুধ ব্যবহার করে রোগীর যন্ত্রণা প্রশমনের পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে রোগের সঙ্গে যুদ্ধ করার জন্য রোগীকে সহায়তা করেন তারা।
প্রশমনসেবার সঙ্গে হোম কেয়ার সার্ভিসের সমন্বয় ঘটানোর জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, "এতে মরণ ব্যাধির কথা জানতে পেরে যেসব দরিদ্র রোগী ভেঙে পড়েন এবং যাদের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা নেওয়া সম্ভব নয়- তারা উপকৃত হবেন।"
পরিসংখ্যান তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, প্রশমনসেবার মাধ্যমে পাঁচ লাখের বেশি মানুষ উপকৃত হতে পারে। মরণব্যাধিতে ভোগা রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি এ সেবার পরিধিও বাড়ানো প্রয়োজন।
এ সেবার মাধ্যমে বার্ধক্যজনিত রোগে ভোগা মানুষও উপকৃত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি তার বক্তৃতায় স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, "দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সকল চিকিৎসকের দায়িত্ব। দেশপ্রেমের মহান চেতনায় অনুপ্রাণিত হয়ে সে দায়িত্ব পালন করার জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই।"
পরে রাষ্ট্রপতি বিএসএমএমইউ-এ 'সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার'-এর ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, ওয়ার্ল্ড প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান ডেভিড প্রেইল, বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত ও উপ-উপাচার্য প্রফেসর এম শহীদুল
bdnews24