২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্রোহীদের কারণেই আশানুরূপ ফল পাইনি'

পৌর নির্বাচনে জনগণ ক্ষমতাসীনদের 'হলুদ' কার্ড দেখিয়েছে- বিএনপির এই বক্তব্য নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

হবিগঞ্জ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৌর নির্বাচনে জনগণ ক্ষমতাসীনদের 'হলুদ' কার্ড দেখিয়েছে- বিএনপির এই বক্তব্য নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। তিনি বলেন, "যেসব পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হতে পারেননি, তা মূলত বিদ্রোহী প্রার্থীদের কারণেই। তাদের জন্যই আশানুরূপ বিজয় পায়নি দলের সমর্থিত প্রার্থীরা।" শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হোসেনের সমর্থনে আয়োজিত এক কর্মী সভায় জাফর উল্লাহ এ কথা বলেন। নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যৌথভাবে এই কর্মীসভা আয়োজন করে। দলের প্রবীণ নেতা ও সাংসদ দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে হবিগঞ্জ-১ আসন (নবীগঞ্জ-বাহুবল) শূন্য হয়। আগামী ২৭ জানুয়ারি এই আসনে ভোট হওয়ার কথা রয়েছে। পৌর নির্বাচন বিষয়ে জাফর উল্লাহ আরো বলেন, আওয়ামী লীগের ২ ও ৩ নম্বর বিদ্রোহী প্রার্থী যে ভোট পেয়েছেন, বিএনপি প্রার্থীরা তা পাননি। নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভা বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মো. আবু জাহির, সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খান প্রমুখ। চট্টগ্রাম ও সিলেট বিভাগে নির্বাচনের মধ্যদিয়ে তফসিল অনুযায়ী গত ১৮ জানুয়ারি পৌর নির্বাচন শেষ হওয়ার পরদিন বিএনপি নেতা মোশাররফ হোসেন বলেছেন, পৌর নির্বাচনে সরকারকে 'হলুদ' কার্ড দেখিয়েছে জনগণ। ভবিষ্যতে তাদের লাল কার্ড দেখাবে। ফল ঘোষণা করা ২৩৫টি পৌরসভার মধ্যে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা ৯৩টিতে মেয়র হয়েছেন। অন্যদিকে সরকারি দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জিতেছেন ৮৮টি পৌরসভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.