ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জনস্বার্থে' ৫৮ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে সরকার।
হাট-বাজার, বিদ্যালয়, সরকারি স্থাপনা, সড়ক নির্মাণ ও সম্প্রসারণ, ভৌত অবকাঠামো, পয়ঃনিষ্কাশন ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এবং দুটি বেসরকারি প্রতিষ্ঠানের অনুকূলে এই পরিমাণ জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ৮৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
ভূমির জন্য সঠিক দাম এবং অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
অন্যদের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, ভূমি সচিব মো. মোখলেছুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, পরিবেশ, কৃষি ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/জেকে/১৯৩৩ ঘ.
bdnews24