চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর থেকে সেনা প্রত্যাহার আপাতত হচ্ছে না।
বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউজে বন্দর উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভায় সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বৈঠকের সভাপতি নৌ পরিবহনমন্ত্রী শাহাজান খান জানিয়েছেন, বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনার পর সরকারের উচ্চ মহলের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি বর্তমানে অনেক ভালো বলে তিনি দাবি করেন।
শ্রমিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক সুবিধা চালু এবং বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে চাকুরিচ্যুত শ্রমিকদের মধ্য থেকে বাছাইকৃতদের নিয়োগ বা গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে সম্মানজনক বিদায়ের পর সেনা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মন্ত্রী জানান।
গত বছরের ২৭ অক্টোবর বন্দর উপদেষ্টা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
নৌমন্ত্রী বিভিন্ন সময় বন্দর থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে এ বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছিলেন।
গত বছরের ১৩ অক্টোবর চট্টগ্রাম বন্দরে শ্রমিক-বিক্ষোভ ও সংঘর্ষের পর বন্দর পরিচালনায় সহায়তার জন্য সেনা মোতায়েন করা হয়েছিল।
এ ব্যাপারে বন্দরে নিয়োজিত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হালিম বৈঠকে সেনা প্রত্যাহারের বিষয়ে বলেন, সেনা মোতায়েনের পর থেকে বার্থ অপারেটর এবং শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা কাজ করছি।
বন্দরের বর্তমান পরিস্থিতি অনেক ভাল দাবি করে তিনি বলেন, বন্দরে শ্রমশান্তি বিরাজ করছে। বন্দর কর্তৃপক্ষ, বন্দর ব্যবহারকারী এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই সেনা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনঘন্টা ধরে চলা বৈঠকের শুরুতে উপদেষ্টা কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুমোদিত হয়। প্রথম বৈঠকে বন্দরের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণের জন্য বন্দর কর্তৃপক্ষকে পরামর্শ এবং কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সভার শুরুতে সূচনা বক্তব্যে বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ বন্দরের দক্ষতা বৃদ্ধির জন্য স্বল্প-দীর্ঘ ও মধ্য মেয়াদে ১১ টি বিষয়ে পরিকল্পনা তুলে ধরেন।
এছাড়া তিনি বন্দরের চলমান গুরুত্বপূর্ণ ছয়টি প্রকল্পের বর্তমান অবস্থা বৈঠককে অবহিত করেন।
ভবিষ্যত পরিকল্পনার মধ্যে শ্রম ব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং পদ্ধতি জোরদার, কন্টেইনার জাহাজ পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, বন্দরের ক্যাপাসিটি বাড়ানো, নতুন সরঞ্জাম সংগ্রহ, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি এবং ক্যাপিটাল ড্রেজিংযের বিষয় তুলে ধরা হয়।
বন্দর চেয়ারম্যান আর ইউ আহমেদ বন্দরে জাহাজের গড় অবস্থানকাল, কন্টেইনার টার্মিনাল পরিচালন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতির বিষয়ও তুলে ধরেন।
বৈঠকে কর্ণফুলী নদী রক্ষায় পৃথক একটি কমিটি গঠনের দাবি জানানো হয়।
এছাড়া বৈঠকে উপস্থিত প্রায় সব সদস্য কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় দ্রুত সময়ের মধ্যে ক্যাপিটাল ড্রেজিং শুরুর দাবি জানান।
সমাপনী বক্তব্যে নৌ-মন্ত্রী বলেন, বৈঠকে উত্থাপিত কর্মপরিকল্পনাসমূহ চট্টগ্রাম বন্দরের বোর্ড সভায় আলোচনা করে বাস্তবায়ন করা হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মঈনুদ্দিন খান বাদল ও শামসুল হক চৌধুরী, সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীমসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম ও সেনাবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনমাস পর বন্দর উপদেষ্টা কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
বন্দর কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দ প্রথম বৈঠকে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন। তবে দ্বিতীয় বৈঠকে তারা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৭৪৫ ঘ.
bdnews24