ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় অভিযোগ গঠন দ্বিতীয়বারের মতো পিছিয়েছে।
বৃহস্পতিবার ধার্য দিনে ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. রেজাউল ইসলাম অভিযোগ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আগামী ২৫ জানুয়ারি।
এ মামলায় গত ১০ জানুয়ারি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফিয়াত সোবহান সানবীর, তার কর্মচারী (দারোয়ান) নূরে আলম ও মো. হুমায়ুন কবীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০৬ সালের ৪ জুলাই সাব্বির খুন হন। গুলশানের ১০৪ নম্বর সড়কে বসুন্ধরা গ্র"পের মালিকানাধীন ৩/জি নম্বর বাসার ছাদ থেকে সাব্বিরকে ফেলে দেওয়া হয় বলে উল্লেখ করা হয়।
নথি থেকে আরো জানা যায়, হুমায়ুন কবীর সাব্বিরের ভগ্নিপতি এ এফ এম আসিফ ২০০৬ সালের ৭ জুলাই মামলাটি দায়ের করেন।
২০০৮ সালের ১২ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপারিনটেনডেন্ট মো. আরমান আলী অভিযোগপত্র দেন। এতে ৩৫ জনকে সাক্ষী করা হয়।
এর আগে দু'টি দায়রা আদালতে মামলাটি বিচারের জন্য পাঠানো হয়। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় বিচার শুরু করা যায়নি।
২০১০ সালের ৭ মার্চ মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে আসে।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৫২০ ঘ.
bdnews24