নড়াইল, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুপুরে বিক্ষোভ ও কোচের কুশপুত্তলিকা দাহের পর সন্ধ্যায় হরতালের ঘোষণা দিয়েছে 'নড়াইলবাসী'।
'নড়াইল এক্সপ্রেস' মাশরাফি বিন মর্তুজাকে বিশ্বকাপের দলে না নেওয়ায় বৃহস্পতিবার শহরে সকাল-সন্ধ্যা হরতালের এই কর্মসূচি দেওয়া হয়।
বুধবার বাংলাদেশের ১৫ জনের দল ঘোষণা করা হয় মাশরাফিকে ছাড়াই।
তাকে দলে না নেওয়ার কারণ হিসেবে নির্বাচকরা বলেছেন, মাশরাফি চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি।
এই খবর শোনার পর দুপুরে নড়াইল শহরে রাস্তায় নেমে আসে তার ভক্তরা। তারা মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের আগে আদালত সড়কে নির্বাচকমণ্ডলী ও কোচ জেমি সিডন্সের কুশপুত্তলিকা পোড়ায় তারা।
এ সময় মাশরাফি ভক্তরা অবিলম্বে তাকে জাতীয় দলে নেওয়ার দাবি জানায়। অন্যথায় বিশ্বকাপ বর্জনসহ নানান কর্মসূচির ঘোষণা দেয়।
সন্ধ্যায় নড়াইলবাসীর ব্যানারে শহরে মাইকিং করে হরতালের ঘোষণা দেওয়া হয়।
নড়াইল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম নবী সাংবাদিকদের বলেন, "অযৌক্তিকভাবে মাশরাফিকে বাদ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার শহরে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।"
নড়াইল জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন বলেন, মাশরাফিকে অবিলম্বে দলে নেওয়া না হলে আগামীতে হরতালসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৫ ঘ.
bdnews24