রাঙামাটি, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বরকল উপজেলায় দুর্বৃত্তের গুলিতে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কর্মী বিক্রম চাকমা (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের লদিবাঁশ ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এই সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন।
সংগঠনটির উপজেলা সহ-সভাপতি পুলিন বিহারী চাকমা জানান, রাত ১১টার দিকে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের লদিবাঁশ ছড়া এলাকায় ইউপিডিএফের একদল সশস্ত্র সন্ত্রাসী বিক্রম চাকমাকে বাসা থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে।
এর প্রতিবাদে বুধবার উপজেলা সদরে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন।
তবে ইউপিডিএফের মাইকেল চাকমা এ ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
বরকল থানার ওসি মো. আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩০ ঘ.
bdnews24