চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের নয়টি পৌরসভার মধ্যে পাঁচটির ফল পাওয়া গেছে।
এর মধ্যে বাঁশখালী, মিরসরাই, রাঙ্গুনিয়া ও বারৈয়ারহাট পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
রাউজানে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার রাতে ফল ঘোষণা করার পর রাঙ্গুনিয়ার রিটার্নিং কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজয়ী খলিলুর রহমান পেয়েছেন ছয় হাজার ৭৫৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. এমদাদুল ইসলাম পেয়েছেন ছয় হাজার ৫১৩ ভোট।
এখানে আওয়ামী লীগের দুই 'বিদ্রোহী' ও স্বতন্ত্র এক প্রার্থী অংশ নেন।
বারৈয়ারহাটের রিটার্নিং কর্মকর্তা সাইদ কুতুব জানান, এই পৌরসভায় তাহের ভূঁইয়া দুই হাজার ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মঈনুদ্দিন লিটন পেয়েছেন এক হাজার ৫৭৫ ভোট।
বারৈয়ারহাট পৌরসভা নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাউজানের রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল জানান, নির্বাচিত বিএনপি সমর্থিত প্রার্থী কাজী আব্দুল্লাহ আল আহসান পেয়েছেন নয় হাজার ৯৭৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী দেবাশীষ পালিত পেয়েছেন আট হাজার ৬৯৬ ভোট।
রাউজান পৌরসভা নির্বাচনে মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
মিরসরাই পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ শাহজাহান বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন দুই হাজার ৬০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ফকির আহমদ পেয়েছেন এক হাজার ৬১৬ ভোট।
মিরসরাইয়ের রিটার্নিং কর্মকর্তা সাইদ কুতুব এ তথ্য জানান।
মিরসরাই পৌর সভা নির্বাচনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাঁশখালী পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত শেখ ফখরুদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ১০ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত কামরুল ইসলাম হোসাইনী পেয়েছেন ছয় হাজার ৪৪৩ ভোট।
বাঁশখালীর রিটার্নিং কর্মকর্তা এস এম নাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাঁশখালী পৌরসভায় আওয়ামী লীগের একজন 'বিদ্রোহী'সহ মোট তিনজন প্রার্থী ছিলেন।
চট্টগ্রামের নয়টি পৌরসভার মধ্যে বাকি চারটির ফল এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমএসবি/২২২৮ ঘ.
bdnews24